পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কিনতে বিশেষ ঋণ

সর্বোচ্চ আড়াই লাখ টাকা ঋণ, সুদের হার ৯ শতাংশ; পরিশোধের মেয়াদ ১০ বছর।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনায় বিশেষ ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দেশের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মটরস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংকটি।
সমঝোতা অনুযায়ী, যোগ্য পুলিশ সদস্যরা মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ হবে ১০ বছর।
এ ছাড়া প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমেও এই ঋণ সুবিধা গ্রহণ করা যাবে।
সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ইফাদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আফছার উদ্দিন।
সংশ্লিষ্টদের আশা, ঐতিহ্য, নির্ভরযোগ্যতা ও সক্ষমতার জন্য পরিচিত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল পুলিশ সদস্যদের ব্যক্তিগত যাতায়াতের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও গতিশীলতা বাড়াতে সহায়ক হবে। সহজ শর্তে ঋণের সুযোগ থাকায় তাদের পছন্দের মোটরসাইকেল কেনাও তুলনামূলক সহজ হবে।
কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে। ইফাদ মটরসের সঙ্গে নতুন এই সমঝোতাকে সেই ধারাবাহিক কার্যক্রমের সম্প্রসারণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার সুযোগ বাড়ার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতাও আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।






