শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা, জানাল আইনি দল

ইনফ্লুয়েন্সার সুভিগ্যা শর্মার দাবি নাকচ; অভিনেতার পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্পষ্ট করল আইনজীবী প্রতিষ্ঠান।

টুইট প্রতিবেদক: বলিউড সুপারস্টার শাহরুখ খান ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে ঘিরে মন্তব্য করায় এক ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন, সামাজিক মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি সম্পূর্ণ নাকচ করেছে শাহরুখের আইনি দল। তাদের ভাষ্য, ইনফ্লুয়েন্সার সুভিগ্যা শর্মার বিরুদ্ধে কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শাহরুখের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস বিষয়টি পরিষ্কার করে।

প্রতিষ্ঠানটি জানায়, শাহরুখ কাউকে তার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর নির্দেশ দেননি। এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেননি তিনি।
এর আগে গত ২৩ নভেম্বর তারিখ উল্লেখ করা একটি কথিত আইনি নোটিশের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে আইনজীবী প্রতিষ্ঠানটি জানায়, প্রচারিত নোটিশটি শাহরুখের পক্ষ থেকে পাঠানো হয়নি।

ঘটনার সূত্রপাত অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুর কথোপকথনের একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখ খানের কথোপকথনের দৃশ্যও ছিল। সেটি প্রকাশ করে ইনফ্লুয়েন্সার সুভিগ্যা শর্মা দাবি করেন, অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলছেন।

তবে ভিডিওটিতে কথোপকথনের কোনো শব্দ শোনা যায়নি। ফলে ভিডিওর দৃশ্য দেখে সুভিগ্যার দেওয়া ব্যাখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে শাহরুখের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর দাবিও সামনে আনেন তিনি।

শাহরুখের আইনি প্রতিষ্ঠান সুভিগ্যার এই দাবিকে ভুল ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। একই সঙ্গে অভিনেতার পক্ষ থেকে কোনো আইনজীবী বা প্রতিষ্ঠানকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছে।

এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।