সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি খামার পরিচালনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা অর্জন করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

টুইট ডেস্ক: খামার পরিচালনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউড়ায় তার প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর জন্য তাকে সেরা খামারির সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউড়ায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে যুক্ত। খামারটিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের গবাদিপশু পালন করা হয়।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। এ সময় খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।