মধ্যম পাড়া একাদশের গোলবন্যা, ১১-১ ব্যবধানে সেমিফাইনালে জয়

গোলকিপার এ এস এন মারমা নির্বাচিত ম্যাচসেরা, রাজার মাঠে দর্শকদের উচ্ছ্বাস
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে গোলবন্যা বইয়ে দিয়েছে মধ্যম পাড়া একাদশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত ম্যাচে টিম ব্রাদার আর্মি পাড়াকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে দলটি।
বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠ যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মধ্যম পাড়া একাদশ। ছোট মাঠে পাঁচজন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত জমজমাট মিনিবার ফুটবলে একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত ১১ গোলের বিপরীতে টিম ব্রাদার আর্মি পাড়া এক গোল করে।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মধ্যম পাড়া একাদশের গোলকিপার এ এস এন মারমাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলা দেখতে ঐতিহাসিক রাজার মাঠে উপস্থিত হন শত শত ফুটবলপ্রেমী দর্শক। হইহুল্লোড়, উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ। হারলেও টিম ব্রাদার আর্মি পাড়ার খেলোয়াড়দের লড়াইকে সম্মান জানান দর্শকরা।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোরশেদ আলম।
টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনায় মাঠের বাইরে নিরলস কাজ করেছেন সবুজ বড়ুয়া, অভিজিৎ রায়, মো. মামুন ইসলাম, মো. জিহাদ ইসলাম, মো. ইনহাস, মো. শাজাহান, দিবস, মন্থোন, হিল্লোল রায়, নিরব দাশ, আদিত্য দাশ, নিরব দে-সহ সংশ্লিষ্ট অনেকে। তাঁদের শ্রম, শৃঙ্খলা ও সহযোগিতায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে মিডিয়া বাংলার গণজাগরণ, মুক্ত জনতার খবর, পাহাড় সমুদ্র, টুইট নিউজ ২৪ ডটকম ও ট্রিপল এ এন্টারপ্রাইজ, বান্দরবান।
আয়োজকরা ফাইনাল ম্যাচেও দর্শকদের মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, রাজার মাঠের এই ফুটবল আয়োজন পাহাড়ের সম্প্রীতি, বন্ধুত্ব ও ক্রীড়াপ্রেমের বন্ধন আরও দৃঢ় করবে।






