আদালতে ককটেল বিস্ফোরণ, দেলোয়ারের ৩ দিনের রিমান্ড

বোমার উৎস ও নেপথ্যের নির্দেশদাতাদের শনাক্তে জিজ্ঞাসাবাদ; আহত আইনজীবী।

টুইট ডেস্ক: রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে আটক মো. দেলোয়ার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অর্থের জোগানদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানতে দেলোয়ারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের সড়কে ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা আইনজীবী হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কক্ষের সামনে থেকে উপস্থিত লোকজন দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধস্থল তদন্ত দল ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের নমুনা, জর্দার কৌটার অংশ, লাল আঠাযুক্ত ফিতা, পেরেক ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক কে এম আবদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলাটির তদন্তে বিস্ফোরণের পেছনে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।