বিজয় দিবসে শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজের নির্দেশ

জেলা-উপজেলায় সকাল ৯টায় হবে কুচকাওয়াজ ও ডিসপ্লে, থাকছে ১৯ দফা জাতীয় কর্মসূচি।

টুইট প্রতিবেদক: মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর দেশের সব জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৯টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতা এবং শহিদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পর এ বিষয়ে অফিস আদেশ জারি করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এবারের বিজয় দিবস উদযাপনে সরকার ১৯ দফা জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে।

জাতীয় কর্মসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা, সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় সূর্যোদয়ের নির্ধারিত সময় ভোর ৬টা ৩৩ মিনিট ৫৪ সেকেন্ড। এ সময় সরকারি-বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশের মিশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। প্রস্তুতির জন্য ১৩

থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য কুচকাওয়াজ ও ডিসপ্লের পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রীতি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে। শিক্ষার্থীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখানোর ব্যবস্থা থাকবে। দেশের জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বিনোদনকেন্দ্রগুলোও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি।

জাতীয় কর্মসূচির আওতায় হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও আশ্রয়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন থাকবে।

পুরো জাতীয় কর্মসূচি সমন্বয় করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির জন্য একাধিক কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।