১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধনে রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করছে বিএনপি; থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী।
টুইট ডেস্ক: মাসব্যাপী বিজয়ের মাস উদ্যাপনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি দাবি করেন, দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে এবং দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






