শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য সরকারের

অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব; শিক্ষার মান, শিক্ষক-সুবিধা ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার।
টুইট প্রতিবেদক: শিক্ষাকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিনিয়োগ হিসেবে দেখতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার প্রধান উদ্দেশ্য দুটি। প্রথমত, শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি করা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম বছরেই শিক্ষা খাতে বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। এই অর্থকে ব্যয় হিসেবে নয়, বরং ভবিষ্যৎ মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, সরকার শুধু বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে গুরুত্ব দিতে চায় না। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিই সরকারের অন্যতম অগ্রাধিকার।
শিক্ষাক্রমে পরিবর্তন ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষাকে কর্মবাজারের উপযোগী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রম বাস্তবমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতির উন্নয়নেও কাজ চলছে।
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের শিক্ষা পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, শিক্ষাকে সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ, স্কুলের পোশাক, জুতা ও ব্যাগ দেওয়ার মতো উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।






