মায়ের সংগ্রামে গড়া শাহিদ

বিচ্ছেদের পর কঠিন লড়াইয়ের গল্প শোনালেন নীলিমা আজিম।
টুইট প্রতিবেদক: বলিউড তারকা শাহিদ কাপুর আজ কোটি কোটি টাকার মালিক ও সফল অভিনেতা। তবে তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের’এমনটাই জানিয়েছেন অভিনেতার মা নীলিমা আজিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের স্মৃতিচারণ করেন নীলিমা আজিম। তিনি জানান, অভিনেতা পঙ্কজ কাপুর–এর সঙ্গে বিচ্ছেদের পর তাকে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল। তখন তার হাতে ছিল মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা।
নীলিমা বলেন, সামান্য সেই অর্থ নিয়েই ভাগ্য বদলের আশায় মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। কিন্তু নতুন শহরে কাজ খোঁজা, থাকার জায়গা ঠিক করা এবং সংসার সামলানো,সবকিছু একসঙ্গে সামলানো ছিল অত্যন্ত কঠিন।
এ কারণেই ছোট্ট শাহিদকে কিছুদিনের জন্য দিল্লিতে দাদা-দাদির কাছে রেখে যেতে বাধ্য হন।
তিনি আরও বলেন, সেই সময় ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত কষ্ট এবং একা হাতে সন্তানকে বড় করার দায়িত্ব তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে বাধ্য করেছে।
পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহিদ কাপুর মুম্বাইয়ে মায়ের কাছে চলে আসেন। ছোটবেলা থেকেই মায়ের সংগ্রাম কাছ থেকে দেখেছেন তিনি। নীলিমার ভাষ্য, সেই অভিজ্ঞতাই শাহিদকে পরিশ্রমী ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে।
বর্তমানে শাহিদ কাপুর অভিনীত ‘জব উই মেট’, ‘কবীর সিংহ’ ও ‘পদ্মাবত’-এর মতো চলচ্চিত্র দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে জীবনের শুরুটা যে ছিল কঠিন সংগ্রামের, সেটিই নতুন করে সামনে আনলেন তারা।






