জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

মদিনা থেকে ঢাকায় আসা ওমরাহযাত্রীদের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

টুইট প্রতিবেদক: মদিনা থেকে ঢাকায় আসা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটটির যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কনটেইনার নামানো এবং পরিচালনাগত গাফিলতির কারণে জমজমের পানি সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহযাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অপর কনটেইনারটি শনাক্ত করে সেটিও দ্রুত সরবরাহ করা হয়।

এর আগে, ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য জমজমের পানি সরবরাহে বিলম্বের বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তাঁরা জানান, ঢাকায় অবতরণের তিন ঘণ্টা পরও তাঁদের ট্যাগযুক্ত জমজমের পানি হাতে পাননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।