আর্থিক সেবায় নতুন প্ল্যাটফর্ম জিপে

সামাজিক ব্যবসার মডেলে নতুন ডিজিটাল আর্থিক সেবা।
টুইট ডেস্ক: নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল লেনদেন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘জিপে’। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড জিপে চালু করেছে। এ সেবার মাধ্যমে অর্থ স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে অর্থ জমা, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ, মুঠোফোনে অর্থভর্তি এবং কিউআর সংকেত ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থ পরিশোধের মতো বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর শুরু থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার এবং পরে গ্রামীণফোনের মাধ্যমে যোগাযোগপ্রযুক্তিকে গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগের ধারাবাহিকতায় জিপের যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, জিপের অন্যতম লক্ষ্য হলো মানুষকে নগদ অর্থ বহনের ঝুঁকি ও দুশ্চিন্তা থেকে মুক্ত করা। এর মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনে মানুষের জন্য স্বস্তি তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
জিপেকে সামাজিক ব্যবসার উদ্যোগ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মূল লক্ষ্য ব্যক্তিগত মুনাফা অর্জনের পরিবর্তে মানুষের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করা। জিপেও প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থিক লেনদেনের সমস্যা কমানোর লক্ষ্য নিয়ে কাজ করবে।
জিপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ আরমান সিদ্দিকী বলেন, আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে তা সবার জন্য সহজ ও বোধগম্য করাই তাঁদের প্রধান লক্ষ্য। ‘জিপেতেই সমাধান’ এই প্রতিপাদ্য সামনে রেখে সেবাটি পরিচালিত হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ এবং সমাধান সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
ডিজিটাল লেনদেনের বিস্তারের সময়ে নতুন এই প্ল্যাটফর্মের যাত্রা নগদ অর্থনির্ভর লেনদেনের বিকল্প বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক সেবা গ্রহণকে আরও সহজ করার একটি উদ্যোগ হিসেবে সামনে এসেছে।






