চাকরি সংস্কার নিয়ে চক্রান্তের অভিযোগ, আন্দোলনে নামার ঘোষণা শিবিরের

পিএসসির নিয়োগপ্রক্রিয়ায় সংস্কার পরিবর্তনের চেষ্টা চলছে বলে দাবি নূরুল ইসলামের; সংবাদ সম্মেলন ও ক্যাম্পাসে আন্দোলনের কর্মসূচির ঘোষণা।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগপ্রক্রিয়ায় আনা সংস্কার পরিবর্তন করে দলীয় নিয়োগের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ ধরনের উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পরও চাকরির ক্ষেত্রে কার্যকর সংস্কার হয়নি। বরং পিএসসির বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চলছে। মোনেম কমিশনের মাধ্যমে আনা সংস্কারের পর পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইভাবে সদস্যদের চায়ের আমন্ত্রণে ডেকে পদত্যাগ করানোর অভিযোগও তোলেন শিবির সভাপতি।

তিনি আরও বলেন, মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত আবার ২০০-তে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নেও মোনেম কমিশনের সংস্কার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে দলীয় নিয়োগের সুযোগ তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

শিবির সভাপতি জানান, কথিত অনিয়ম ও সংস্কার পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলা হবে।

পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কার্যক্রমের প্রশংসা করে নূরুল ইসলাম বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এক বছর ধরে বড় ক্যাম্পাসগুলোতে সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপস্থিত শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এবং অন্যায় দখলের মতো সমস্যা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি পরিবর্তনে অন্ধ দলীয়করণের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, অতীতে ছাত্র সংসদগুলোতে টেন্ডারবাজি, দখলদারি, আসন বাণিজ্য ও জোর করে মিছিলে অংশগ্রহণের মতো ঘটনা ঘটত। তবে পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিরা এসব ক্ষেত্রে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে নৈতিকতার অভাবকে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, গত ১৬ বছরে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। নৈতিকতার ঘাটতির কারণেই দেশের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা ও সৃজনশীলতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা তৈরি করেছে। ছাত্রজীবনে অর্জিত নৈতিকতা, সততা ও আদর্শ কর্মজীবন এবং রাজনীতিতেও ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্র সংসদের প্রতিনিধিরা তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিরোধীদলীয় নেতাকে সংসদ এবং সংসদের বাইরে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা তাঁদের এক বছরের কার্যক্রম তুলে ধরেন।

এ সময় ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম, রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর সহসভাপতি ইব্রাহীম রনি, জকসুর সহসভাপতি রিয়াজুল ইসলাম এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা, সংসদ সদস্য, আইনজীবী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।