জুলাই সনদ উপেক্ষা করে সরকারের সঙ্গে ঐক্য নয়: জামায়াত আমির

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
টুইট ডেস্ক : জুলাই জাতীয় সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের ঐক্য হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার সংলাপের আহ্বান জানালে জামায়াতে ইসলামী এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে অংশ নেবে। একই সঙ্গে গণভোটের রায় মেনে নেওয়া হলে সরকারের প্রত্যাশিত ঐক্য আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ভারতের কয়েকজন জনপ্রতিনিধির বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেওয়া বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। প্রতিবেশী দেশটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ ও রাজনৈতিক ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়কে গুরুত্ব দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াত।






