মাহমুদুর রহমানের বাসায় পুলিশের যাওয়ায় এনসিপির প্রতিবাদ

আওয়ামী লীগ আমলের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা | নেপথ্যের ভূমিকা তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবি।
টুইট ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে মামলাটির নেপথ্যে কারা জড়িত, তা তদন্ত করে দায়ীদের পরিচয় প্রকাশ এবং রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যান। ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় মামলাটি করা হয়।
এনসিপির দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে এসব মামলা করেন। কয়েকটি মামলায় তার সাজাও হয়েছে এবং তাকে কারাভোগ করতে হয়েছে। বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল মাহমুদুর রহমানকে।
এনসিপি প্রশ্ন তুলেছে, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী জাতীয় সংসদে জানানোর পরও মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো কীভাবে চলমান রয়েছে।
বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের আমলে করা কথিত মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি মাহমুদুর রহমানের বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এর পেছনে কারা ভূমিকা রেখেছেন, তা তদন্ত করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।






