বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ | সার্বভৌমত্বে আঘাত এলে পাল্টা জবাবের ঘোষণা।
টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ করার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো আঘাত এলে তার পাল্টা জবাব দেওয়া হবে। বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা মনে করেন।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়—এ বাস্তবতা ভারতকে বুঝতে হবে। তাদের অভিযোগ, ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে ভারত। আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করায় বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও ইসলামপন্থিদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। এ প্রসঙ্গে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, আবরার ফাহাদ ও ইলিয়াস আলীর প্রসঙ্গও তুলে ধরেন তারা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। জুলাইয়ের ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা দেখিয়েছে।
এ লড়াইয়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন হেফাজতের নেতারা। তারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো ধরনের আধিপত্যবাদী হুমকির কাছে মাথানত করবে না।






