আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

পুলিশ বক্সের সামনে সিএনজিতে বিস্ফোরণ, স্প্লিন্টারের আঘাতে হাসপাতালে ৬৫ বছর বয়সী হাবিবুর।
টুইট প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বদপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় বসবাস করেন।
আহত ব্যক্তির ছেলে সুজন জানান, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি তাঁদের সিএনজিতে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টার তাঁর বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। আহত অবস্থায় তিনি প্রথমে নিজ বাসায় চলে যান।
পরে স্বজনেরা তাঁকে স্থানীয় আয়েশা হাসপাতালে নিয়ে যান। অবস্থার উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজিচালককে হাসপাতালে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।






