শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৪

ধানমন্ডি ও মোহাম্মদপুরে পৃথক অভিযান; আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
টুইট ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি), এক আয়কর আইনজীবী ও সাবেক কাউন্সিলরের এক সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। অন্যজন হলেন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে প্রথম তিনজনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ককটেলসহ আল আমিনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে চারজনকে আটক করা হয়েছে।
আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের মামলা বা অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।






