পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন, পুড়ল ১০ সিট

কালশীতে বাসের পেছনের আসনে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা, জানালা দিয়ে পালিয়ে যায় তারা।
টুইট প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে কালশী এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির একেবারে পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ এমন তথ্য পেয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার পরপরই বাসের চালক ও সহকারী ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।






