বিচ্ছিন্ন ঘটনাকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার না করে নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
টুইট প্রতিবেদক: বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দিয়ে উপস্থাপনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সত্য কথা বলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির সংস্কার কর্মসূচিতে তারেক রহমান ‘রেইনবো নেশন’ গঠনের যে ধারণা তুলে ধরেছিলেন, তার মূল লক্ষ্য ছিল সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা।
সদ্য সমাপ্ত দুর্গাপূজা নজিরবিহীন উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হওয়ায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরাও প্রশংসা করেছে বলে জানান তিনি। মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা থেকে এমন অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
সম্প্রতি নড়াইলের একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু বিদেশি গণমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে অসত্য তথ্য প্রচারের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ধর্মের চেয়েও বড় পরিচয় মানুষ। সব ধর্মই সত্য, ন্যায় ও ইনসাফের কথা বলে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী ১ হাজার ৪০০ শহীদের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে দলমত ও মতাদর্শের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে কিছু সংবাদমাধ্যম ও প্রচারক সেটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘনের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। এ ধরনের প্রবণতা দুঃখজনক।
তিনি বলেন, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ, সব সম্প্রদায়ের নাগরিককে একসঙ্গে কথা বলতে হবে।
সংবিধানের ২৭, ২৮ ও ৪১ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, নাগরিক হিসেবে সবার অধিকার সমান। ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও নাগরিক পরিচয়ই সবার জন্য মুখ্য হওয়া উচিত।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, এবারের দুর্গাপূজাকে অসাম্প্রদায়িক পরিবেশে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩০০ সংসদ সদস্যকে এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
হিন্দু আইনে সম্পত্তির উত্তরাধিকার ও নারীদের অধিকার নিশ্চিত করতে আইন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন জয়নুল আবেদীন। এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়ের পক্ষ থেকে প্রস্তাব এলে সংসদে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো সোসাইটি’ ধারণায় সব ধর্মের মানুষের সমান অধিকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রশাসন, বিএনপি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এবার দুর্গাপূজা নিরাপদে উদ্যাপিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঈদ ও পূজায় পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে উসকানিমূলক প্রচেষ্টা চালানোর অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার নড়াইলের ঘটনা নিয়ে বিদেশি কিছু গণমাধ্যম ও প্রচারমাধ্যমে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ করেন। তাঁর দাবি, সেখানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার খবর প্রচার করা হলেও বাস্তবে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
তিনি জানান, ওই বাড়ির মালিকের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হামলা চালায় বলে তাঁদের বক্তব্য। তবে হামলার ঘটনাকে সমর্থন না করলেও সেটিকে সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমান নাগরিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।






