মুসিয়ালাকে নিয়ে বায়ার্নের আচরণে ক্ষুব্ধ কিমিচ

চোট ও শারীরিক সমস্যা বিবেচনা না করে প্রকাশ্যে সমালোচনায় আপত্তি; ক্লাব কর্তাদের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বললেন জার্মান তারকা।

টুইট প্রতিবেদক: জার্মান তারকা জামাল মুসিয়ালাকে নিয়ে বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সতীর্থ জশুয়া কিমিচ। মুসিয়ালার শারীরিক অবস্থা, পারফরম্যান্স ও বেতন নিয়ে প্রকাশ্যে আলোচনা করাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না বায়ার্নের এই সহ-অধিনায়ক।

বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলের কাছে ২-১ গোলে হারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমিচ বলেন, কোনো খেলোয়াড়ের ওপর এভাবে প্রকাশ্যে দায় চাপানো উচিত নয়। ক্লাব একজন খেলোয়াড়ের চেয়ে বড় হলেও কোনো মানুষের চেয়ে বড় নয়। এ ধরনের আচরণ বায়ার্নের মূল্যবোধের সঙ্গেও যায় না বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বায়ার্নের সাবেক প্রধান নির্বাহী কার্ল-হাইঞ্জ রুমেনিগে, সম্মানসূচক সভাপতি উলি হোনেস এবং প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন মুসিয়ালার ভবিষ্যৎ পারফরম্যান্স ও বেতন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন।
রুমেনিগে বলেছিলেন, মুসিয়ালা আগের ছন্দে ফিরতে না

পারলে তার পরিবার ও প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। সে ক্ষেত্রে তার বর্তমান বেতন আর যৌক্তিক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মুসিয়ালা স্নায়বিক সমস্যায় ভুগছেন, যার কারণে মাঝেমধ্যে তার খিঁচুনি হয়। গত আগস্টে প্রস্তুতি ম্যাচে দুবার মাঠে পড়ে যাওয়ার পর নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানান এই জার্মান তারকা। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে গুরুতর পায়ের চোটেও পড়েছিলেন তিনি।

কিমিচের মতে, মুসিয়ালার সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ক্ষেত্রে এসব শারীরিক সমস্যা ও চোটের প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

কিমিচ বলেন, মুসিয়ালার সমস্যার পেছনে পেশাদারিত্বের অভাব দায়ী নয়। তিনি প্রতিদিন নিয়মিত অনুশীলনে আসেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

কিমিচের এই বক্তব্যে মুসিয়ালার পাশে সতীর্থদের অবস্থান স্পষ্ট হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়ের শারীরিক সংকটের সময়ে ক্লাব কর্তাদের প্রকাশ্য সমালোচনা ও চুক্তি নিয়ে মন্তব্যের যথার্থতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।