‘আমি তারকা নই, দলের খেলোয়াড়’—বললেন গাভি

নিয়মিত একাদশে জায়গা না পেলেও আত্মবিশ্বাস অটুট বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডারের; ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন তিনি।
টুইট প্রতিবেদক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নিয়মিত শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না তরুণ মিডফিল্ডার গাভি। কোচ হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তৃতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। তবে সীমিত সুযোগ নিয়ে কোনো হতাশা নেই তার। বরং দলের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের সাবাহ এফকের বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন গাভি। খেলোয়াড়দের বিশ্রাম ও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সিদ্ধান্তের অংশ হিসেবে সুযোগ পান তিনি।
ম্যাচ শেষে নিজের অবস্থান নিয়ে গাভি বলেন, বার্সেলোনার মতো বড় ক্লাবে খেললে দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতা থাকবেই। এখানে প্রত্যেকেই ভালো খেলোয়াড়। কোচ যাকে উপযুক্ত মনে করেন, তাকেই মাঠে নামান।
নিজের পরিচয় তুলে ধরে গাভি বলেন, ‘আমি কখনোই তারকা ছিলাম না। আমি দলের একজন খেলোয়াড়, দারুণ একজন দলীয় খেলোয়াড়। দলের যখন আমাকে প্রয়োজন হবে, তখনই আমি থাকব।’
সীমিত সুযোগের মধ্যেও নিজের মানসিক শক্তির ওপর আস্থা রাখছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার মতে, একজন ফুটবলারের দক্ষতা ও অন্যান্য গুণের পাশাপাশি মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ম্যাচে সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে পারলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে গাভি আরও বলেন, ‘আমার মানসিকতা অনন্য। নিজে এ কথা বললে হয়তো দাম্ভিক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। আমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখি, তাহলে আর কে রাখবে?’
নিয়মিত একাদশে সুযোগ না পেলেও গাভির বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত পরিচিতি কিংবা মাঠে নামার সংখ্যা নয়, বরং দলের প্রয়োজনে নিজের সেরাটা দেওয়াই তার প্রধান লক্ষ্য।






