বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়কের বক্তব্যের প্রতিবাদ | ভারতে বসে শেখ হাসিনার অগ্নিসন্ত্রাসে উসকানির অভিযোগ
টুইট ডেস্ক: পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়কের বাংলাদেশবিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না।’
একই সঙ্গে ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়ক একই দিনে পৃথক অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা আপনাদের দেশে বসে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।’
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে আইনমন্ত্রী
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তার দাবি, দলটির সাম্প্রতিক তৎপরতা সরকারের এ সিদ্ধান্তের যৌক্তিকতাকে আরও স্পষ্ট করছে।
তিনি বলেন, দেশে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তরুণদের অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান
এর আগে শৈলকুপা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী। সেখানে তিনি সমাজ থেকে অপরাধ ও অপসংস্কৃতি দূর করে তরুণদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি অন্যায়, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
শৈলকুপা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।






