পাকিস্তানে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা

পারস্পরিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা জোরদারে আলোচনা
টুইট ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পার্লামেন্ট ভবনে পৌঁছালে বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান সরদার আয়াজ সাদিক। এ সময় তিনি বলেন, বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর আনন্দ ও সম্মানের বিষয়। এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার নতুন সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জবাবে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য পাকিস্তানের স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ সফর অতীতের স্মৃতিতে নতুন আনন্দময় অভিজ্ঞতা যোগ করেছে। দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনতে সংসদীয় সম্পর্ক জোরদার করা প্রয়োজন। উভয় দেশের নেতৃবৃন্দ ও জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় দেখতে চান।
বৈঠকে সংসদীয় সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সৈয়দ গোলাম মোস্তফা শাহ, ফেডারেল মন্ত্রী মঈন ওয়াত্তু এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক উপস্থিত ছিলেন।
এ ছাড়া পাকিস্তানের সংসদ সদস্য সৈয়দ নাভিদ কামার, দাওয়ার হুসাইন কুন্ডি, নীমা কাওসার ও জহির ওয়াদুদ ফাতমি বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি জাহারাত আদিব চৌধুরীসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।






