তারাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন, প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্ব।
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানের সভাপতিত্বে সভায় প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, উন্নয়নের সম্ভাবনা এবং এ খাতকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত পশুপালন পদ্ধতি এবং পরিকল্পিত খামার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর সুযোগ রয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।







