২০০ টাকার নিচে মিলছে না মাছ, চড়া দেশি মাছের দাম

রাজধানীর বাজারে তেলাপিয়া ও পাঙ্গাসের দামও কেজিতে ২০০ টাকার বেশি। গরুর মাংস ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি।
টুইট ডেস্ক : রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো পরিচিত মাছ কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকার বেশি। অন্যদিকে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজারের মাছ, মাংস ও মুরগির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, বায়লা ৩২০ টাকা, ছোট পাঙ্গাস ২০০ টাকা এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা দরে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫৪০ টাকা, পাবদা ৩৮০ টাকা, চাষের শিং ৩০০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্য দেখা যায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বেড়ে গেলে বিক্রেতাদেরও বেশি পুঁজি নিয়ে ব্যবসা করতে হয়।
দেশি ও সামুদ্রিক মাছের বাজারেও রয়েছে উচ্চমূল্য। প্রতি কেজি আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সাগরের পাঙ্গাসের দাম কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।
ক্রেতা রবিউল আলম বলেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ কিনেছেন। দাম আগের মতোই রয়েছে। তবে ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কিছুটা কম।
মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায়।
অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়েরবাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আর প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।
মাংস বিক্রেতা মো. লিটন জানান, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। নতুন করে দাম বাড়েনি, আবার কমেওনি। ফলে মাছ ও মাংসের বাজারে স্বস্তি না ফিরলেও গরুর মাংসের দামে আপাতত কোনো পরিবর্তন নেই।






