হজের বিমানভাড়া কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হজযাত্রীদের ব্যয় কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

টুইট ডেস্ক : আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিফোনে যুক্ত হয়ে এসব তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন হজের বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তা দিতে ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের ব্যয় কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।