নাশকতা ঠেকাতে তৃণমূল নেতাদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির

খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে সাংগঠনিক তৎপরতা জোরদার, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

টুইট ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে বিএনপি। একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন দলের কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।

বৈঠকে দুই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠারও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া খুলনা বিভাগের এক নেতা জানান, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। সে সময় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল পালন করেছিল বলে সভায় উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত লগি-বইঠার তাণ্ডব, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের প্রসঙ্গও আলোচনায় আসে।

ওই নেতা আরও জানান, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তবে আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে কোনো পক্ষ যাতে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আইনমন্ত্রী আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।