কর্ণফুলীতে মামুন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছয় বছর আত্মগোপনে থাকার পর ধরা, ২০২২ সালে হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২৩ নভেম্বর) নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আবদুল আজিজ নামে আরও এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন।

হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সুমন পলাতক ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দীর্ঘদিন পলাতক থাকার পর হত্যার মামলায় দণ্ডিত আসামির গ্রেপ্তারকে বিচারিক রায় বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।