শিশুখাদ্যে কাপড়ের রং, চিনির বদলে অ্যাসপারটেম: জরিমানা ৩ লাখ

কেরানীগঞ্জের কারখানায় ভয়াবহ অনিয়ম, জব্দ রাসায়নিক ধ্বংস।

টুইট ডেস্ক: শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ভয়াবহ অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উপাদান-তালিকায় চিনির উল্লেখ থাকলেও ব্যবহার করা হচ্ছিল কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম।

অন্যদিকে, বিটা-ক্যারোটিনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল কাপড় রং করার রাসায়নিক। এসব অপরাধে কেরানীগঞ্জের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় অবস্থিত কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনির উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল অ্যাসপারটেম। কারখানা পরিদর্শনে চিনির কোনো মজুত কিংবা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া পণ্যের উপাদান-তালিকায় বিটা-ক্যারোটিনের কথা উল্লেখ থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছিল কাপড় রং করার রাসায়নিক। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম স্বাদযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি।

পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, কাঁচামালের উৎস শনাক্তের নথি এবং ব্যবহৃত উপকরণের নিরাপত্তা-সংক্রান্ত তথ্যপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পণ্যের বিশ্লেষণ সনদও উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষের কাছে।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে কারখানায় পাওয়া অননুমোদিত রং, কৃত্রিম স্বাদবর্ধক ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানের সার্বিক সমন্বয় করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে উপাদানের তথ্য গোপন এবং অননুমোদিত রাসায়নিক ব্যবহারের এ ঘটনা খাদ্য নিরাপত্তা তদারকির গুরুত্ব আবারও সামনে এনেছে।

বিশেষ করে শিশুখাদ্য উৎপাদনে উপাদানের বিশুদ্ধতা, অনুমোদন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জরুরি।