নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিত; নিজস্ব নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

টুইট ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে আর কোনো বাধা নেই। চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, নীতিমালা ও নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

আদেশের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে দুটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা ছিল। প্রথমত, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। দ্বিতীয়ত, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে রাখতে হবে। আপিল বিভাগ দুটি নির্দেশনাই স্থগিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজস্ব আইন ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে অকৃতকার্য ও রেফার্ড শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা পরিচালনা করতে পারবে বলে সেখানে স্পষ্ট করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে ১৮ নভেম্বর ইউজিসি বৈঠক করে আগের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিজেদের অবস্থান স্পষ্ট করে।

তিনি বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সরকার পুনঃপরীক্ষার সুযোগ দিয়েছে। পাশাপাশি খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও করা হয়েছে। তবে এ সুযোগের কারণে অন্য শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। অল্পসংখ্যক শিক্ষার্থীর বিষয় বিবেচনা করতে গিয়ে বিপুলসংখ্যক উত্তীর্ণ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা যুক্তিসংগত নয়।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি। তবে পুনঃপরীক্ষার সুযোগ নিতে আবেদন করেছেন এক লাখেরও কম শিক্ষার্থী। পুনঃপরীক্ষায় অংশ নেওয়া সবাই উত্তীর্ণ হবেন, এমন নিশ্চয়তাও নেই বলে তিনি আদালতে যুক্তি তুলে ধরেন।

এর আগে, গত বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।

ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রিটকারী আইনজীবীর তথ্যমতে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সুযোগ তৈরি হলো।