আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সাভারের আশুলিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

টুইট প্রতিবেদক: সোমবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। একপর্যায়ে আশপাশের চালু কারখানার শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। অন্য কারখানায় হামলার চেষ্টা এবং কয়েকজন শ্রমিককে মারধরের অভিযোগও উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। তাঁর দাবি, শ্রমিকেরা অন্য কোনো কারখানা বা শ্রমিকের ওপর হামলা করেননি; বরং কারখানা থেকে বের হওয়ার পর পুলিশ তাঁদের ওপর হামলা চালায়।

ওই শ্রমিক জানান, নিম্নতম মজুরি ঘোষণার বিষয়ে সরকার ও মালিকপক্ষের গড়িমসির কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এ বিষয়ে নির্ধারিত বৈঠকও স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত নতুন নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা।

২০ কারখানায় সাধারণ ছুটি।

শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বানদো ডিজাইন, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস ও কমপ্লিট কম্পোজিটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

এর আগে সোমবার দিনের শুরুতে শ্রমিকদের কর্মবিরতির মুখে নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই অবস্থান করছিলেন বলে জানিয়েছিলেন শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা।

২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ আশুলিয়ার মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগের দিন রোববার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাককারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী।

শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা কমে আসতে পারে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, মালিকপক্ষের অবস্থান এবং সরকারের কার্যকর উদ্যোগ, এই তিন বিষয়কে ঘিরেই তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে।