পুলিশের পিকআপ চুরিতে এসআইসহ ৪ সদস্য বরখাস্ত

খাবার খেতে গিয়ে ফেলে রাখা হয় টহল গাড়ি, নকল চাবিতে চুরি করে ২৮ লিটার জ্বালানি নেন অভিযুক্ত ব্যক্তি।
টুইট প্রতিবেদক: চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুরির সময় গাড়িটির দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে টহল পিকআপটি চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি আর খুঁজে পাননি।
টহল দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক দেলোয়ার হোসেন। সঙ্গে ছিলেন দুই কনস্টেবল। তারা জেলা পুলিশ লাইন্সের ফটকসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে গাড়িটি রেখে খাবার খেতে যান।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে মোটরসাইকেলে করে আসা দুজনকে গাড়িটির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের একজনের সঙ্গে রুবেল নামের ওই ব্যক্তির প্রায় সাত সেকেন্ড কথা হয়।
চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়। একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, পিকআপটি চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি সংগ্রহ করেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।
সাময়িক বরখাস্ত হওয়া চার সদস্যের মধ্যে এসআই দেলোয়ার হোসেন ও গাড়িচালক আক্তার রয়েছেন। বাকি দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা সম্ভব হয়েছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি গাড়ি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদের ছিল। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
উদ্ধারের পর চুরি হওয়া পিকআপটি আবারও হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে। দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।






