মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্য পেলেন পদক

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনাপ্রধানের সংবর্ধনা | এসবিপি, ওএসপি ও বিএসপি পদক প্রদান

টুইট ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধান ২৪ জন সেনাসদস্যের পদক পরিয়ে দেন।

পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-সেনাবাহিনী পদক (এসবিপি): ৭ জন; অসামান্য সেবা পদক (ওএসপি): ৪ জন; বিশিষ্ট সেবা পদক (বিএসপি): ১৩ জন।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

দেশের স্বাধীনতাসংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ।