মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি: কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনীর সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএএফ শাহীন হলে অনুষ্ঠানের আয়োজন, মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ বিমান বাহিনী প্রধানের।
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৩৬ জনকে সংবর্ধনা প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীরা অংশ নেন। বিমান বাহিনী প্রধান তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী প্রদান করেন এবং স্বাগত বক্তব্য দেন।
বক্তব্যে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। সেই বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
তিনি আরও জানান, বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
বিমান বাহিনী প্রধান বলেন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।







