র্যাব বিলুপ্ত, এসআরবি নামে নতুন কার্যক্রম শুরু

গেজেট জারির পর নতুন নামে মাঠে বিশেষায়িত ইউনিট, অপরিবর্তিত রাখা হয়েছে লোগোর নকশা
টুইট ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি জানান, এসআরবি নামে গেজেট জারি হয়েছে এবং র্যাবের নাম পরিবর্তন করে নতুন নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।
নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বিভিন্ন ইউনিটের বিজ্ঞপ্তিতে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা নতুন লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয় এবং পরদিন নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি।
নতুন আইনের উদ্দেশ্য হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে বাহিনীর ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ও আইনে রাখা হয়েছে।
আইন অনুযায়ী র্যাবের জনবল, সম্পদ, নথিপত্র, স্থাপনা, তহবিল ও দায়দায়িত্ব নতুন ইউনিটের কাছে হস্তান্তরের বিধান রয়েছে। এ বিষয়টি নিয়ে বিরোধী দল ও বিভিন্ন সংগঠন আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, র্যাবের কাঠামো ও সম্পদ নতুন বাহিনীতে স্থানান্তরের ফলে পুরোনো বাহিনীই নতুন নামে কার্যক্রম চালানোর আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাব বিলুপ্ত করেই নতুন আইন ও কাঠামোর অধীনে এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনীকে আরও পেশাদার ও জবাবদিহিমূলক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।






