মধ্যরাতে বান্দরবানের বলিবাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ১০-১২ দোকান

৩৮ বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাজার
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি টিনশেড দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর দপ্তরের ২ নম্বর গেটের প্রায় ৫০-৬০ গজ উত্তরে বলিবাজার এলাকায় মো. আলমগীর হোসেনের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ৩৮ বিজিবির সদস্যরা। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম ও সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের উত্তর-পূর্ব কোণের প্রায় ১০ থেকে ১২টি টিনশেড দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, ফায়ার সার্ভিসের সহযোগিতা এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ভোর ৪টা ৪৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এতে আগুন পাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
এ বিষয়ে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ, দুর্ঘটনা ও বিপর্যয়ের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকারের অংশ।
অগ্নিকাণ্ডের সময় বিজিবির দ্রুত সাড়া ও সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।






