রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদন, জরিমানা ১০ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া বোতলজাত পানি উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে ফিউচার মিনারেল ওয়াটার নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ১৯ লিটারের জারে পানীয় পানি উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সনদ চিহ্ন শাখার কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভেজাল প্রতিরোধ ও জনস্বাস্থ্যের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।