সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

বৈদেশিক ঋণের বোঝা ও গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকার আহ্বান অতিরিক্ত প্রেস সচিবের
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সব বিষয়ে সমালোচনা না করে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করা উচিত। বৈদেশিক ঋণের বড় বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দায় শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন, তবে সবকিছু স্বাভাবিক করতে সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন এবং এর প্রভাব বিদ্যুৎ সরবরাহেও পড়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন। শুধু ঘোষণা দেওয়ার পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণে একটি নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছে।
তিনি বলেন, কোন এলাকায় কতটুকু গ্যাসের চাপ রয়েছে এবং গ্রাহকরা কী পরিমাণ গ্যাস পাচ্ছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যা সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি একটি পুরোনো মন্দির সংস্কারের জন্য ভেঙে ফেলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তার দাবি, ঝুঁকিপূর্ণ হয়ে পড়া মন্দিরটি সংস্কারের উদ্দেশ্যে ভাঙা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
রুমন বলেন, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য জোড়া দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি সব সংবাদমাধ্যম বা সাংবাদিককে এ অভিযোগের আওতায় আনেননি। নিজে ১৯৯৩ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করেন।
সংবাদপত্রের স্বাধীনতায় প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে দাবি করে তিনি তারেক রহমানের সাংবাদিকতা ও গবেষণামূলক কর্মকাণ্ডের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।
সবশেষে তিনি দেশের উন্নয়ন ও গঠনমূলক কাজে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং একটি ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করার কথা বলেন।






