মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুতে সরকারের উদ্যোগকে ‘রণকৌশলী পদক্ষেপ’ বললেন পাটওয়ারী

‘মহিষ ডিপ্লোম্যাসি’ উল্লেখ করে ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক মন্তব্য

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর “দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি “অসীম ভালোবাসা ও সাহসিকতার” প্রশংসাও করেন।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে পাটওয়ারী লেখেন, সরকার এই উদ্যোগের মাধ্যমে একটি বার্তা দিয়েছে যে, সরকারের নিয়োগ দেওয়া পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতাতেই এই “মহিষ ডিপ্লোম্যাসি” পরিচালিত হচ্ছে।

তিনি আরও লেখেন, ওই চুক্তি অনুযায়ী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে হবে এবং চিড়িয়াখানায় মহিষটি নিয়ে গিয়ে দেশবাসীকে তা দেখার সুযোগ করে দেওয়া সেই কূটনৈতিক বার্তারই অংশ।

পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দাবি করেন, এ উদ্যোগের মাধ্যমে পশুপ্রেমীদের মন জয় করা হয়েছে, দেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও টেকসই হয়েছে। পাশাপাশি ভারতের গো-রক্ষা আন্দোলনেও এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের প্রতিটি ইউনিটে সরকারি অর্থায়নে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপের সৃষ্টি হয়েছে।