ডিজিটাল হচ্ছে বিয়ে ও তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত হবে নিবন্ধন ব্যবস্থা
টুইট ডেস্ক: দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ নিবন্ধকদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হবে। এতে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য যাচাই আরও সহজ হবে।
তিনি বলেন, দেশের সব নিকাহ নিবন্ধককে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও তথ্যনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় ঢাকার উপনিবন্ধকদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু করার কথাও জানান আইনমন্ত্রী।






