বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা ও বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন তারেক রহমান
টুইট ডেস্ক: আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।
‘খণ্ডচিত্র, সীমান্ত ও ভবিষ্যৎ: নতুন বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।
সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন। ৩ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।






