দুর্গম পাহাড়ে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

বাড়ালেন সেনাসদস্যদের মনোবল। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত সেনাসদস্যদের মনোবল বাড়াতে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
শুক্রবার (২ অক্টোবর) তিনি রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন দুর্গম সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান সেনাসদস্যদের সঙ্গে সরাসরি কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন। দুর্গম পাহাড়ি পরিবেশ এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সেনাসদস্যদের প্রশংসা করেন।
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান ভবিষ্যতেও একই উদ্যম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাসদর সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধানের সঙ্গে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







