শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়তে পারে শক্তিশালী বাংলাদেশ

প্রযুক্তি, কৃষি অর্থায়ন ও বাজার সংযোগ সহজ করার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি শিল্প এগিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষিখাত। একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার, সেচব্যবস্থা ও কৃষি অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের বাজারসংযোগ আরও সহজ করা হচ্ছে। একই সঙ্গে মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্য রপ্তানি শিল্পকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করতে হবে। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সংকটের মূল কারণগুলোর সমাধানের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাধানও মিয়ানমারেই হতে হবে।