তৃষার বার্তায় নতুন জল্পনা

বিজয়ের শপথের পর ভালোবাসার ইঙ্গিত ঘিরে সরব অনুরাগীরা।

দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর সামাজিক মাধ্যমে তার দেওয়া এক বার্তা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে হাজির হন তৃষা। দর্শকাসনের বিশেষ অংশে বিজয়ের পরিবারের কাছাকাছি বসেছিলেন তিনি। শপথের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠান শেষে নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তৃষা কৃষ্ণান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসার শব্দ সবসময় সবচেয়ে জোরালো।” এই সংক্ষিপ্ত বার্তাকেই অনেকে সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও বিজয় কিংবা তৃষা কেউই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিন হালকা আকাশি রঙের সিল্ক শাড়ি, ঘিয়ে রঙের ব্লাউজ, খোঁপায় ফুল ও হালকা গহনায় তৃষার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে তার সাজ ও অভিব্যক্তি নিয়েও ব্যাপক আলোচনা চলছে।

এর আগে নির্বাচনের ফল ঘোষণার দিন ছিল তৃষার জন্মদিন। সেদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন তিনি। অনুরাগীদের একাংশের ধারণা, জন্মদিনের পাশাপাশি বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্যও প্রার্থনা করেছিলেন অভিনেত্রী।

এদিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮ আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’। টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

বিজয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন তার বাবা-মাও। বিজয়ের বাবা জানিয়েছেন, দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে ছেলের এই অর্জন তাদের পরিবারের জন্য বড় স্বপ্নপূরণ।