ঈদে ফিরছেন আফজাল-দীপা জুটি

চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ টেলিফিল্মে সম্পর্কের গল্প।

টুইট প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন টেলিফিল্ম ‘আবার হবে দেখা’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতির গল্পে নির্মিত এই টেলিফিল্মটি প্রচার হবে এনটিভি-তে।

টেলিফিল্মটির গল্প লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনায় রয়েছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।

এতে আফজাল হোসেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার ও অভিনেত্রী আইশা খান।

তিন দিনব্যাপী শুটিং শেষে নির্মাতা ও শিল্পীরা টেলিফিল্মটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আফজাল হোসেন বলেন, অধিকাংশ গল্পের মূল সূত্র এক হলেও উপস্থাপনার ভিন্নতাই দর্শককে আকৃষ্ট করে।

তার ভাষ্য, ‘আবার হবে দেখা’ মূলত চারজন মানুষকে ঘিরে আবর্তিত একটি আবেগঘন গল্প, যেখানে সমান্তরালভাবে দুটি সম্পর্কের রসায়ন এগিয়ে যায়।

তিনি আরও বলেন, চয়নিকা চৌধুরী অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন এবং গল্পের নান্দনিক উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেন। ফলে দর্শকের কাছে টেলিফিল্মটি ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

অন্যদিকে দীপা খন্দকার জানান, তার অভিনয় জীবনের শুরু থেকেই আফজাল হোসেনের উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সম্প্রতি পরপর দুটি নাটকে একসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা তার জন্য বিশেষ আনন্দের।

একইসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীর যত্নশীল নির্মাণশৈলীরও প্রশংসা করেন তিনি।

ঈদের বিশেষ আয়োজন হিসেবে নির্মিত ‘আবার হবে দেখা’ দর্শকদের জন্য পারিবারিক আবেগ ও সম্পর্কের এক ভিন্নমাত্রার গল্প হয়ে উঠবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।