কেটি পেরির সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডা,দুই মঞ্চেই থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী

টুইট প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাড়ছে উত্তেজনা। আর সেই উন্মাদনায় এবার নতুন গর্বের নাম বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মার্কিন পপতারকা কেটি পেরির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

ফিফার ঘোষণায় জানা গেছে, আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে তিন আয়োজক দেশ,যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পৃথকভাবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে কেটি পেরির সঙ্গে উচ্চ-উদ্দীপনার সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন ডিজে সঞ্জয়।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, কানাডার টরন্টোতেও বিশ্বকাপ উদ্বোধনী আয়োজনে থাকছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী। টরন্টোর বিএমও ফিল্ডে কানাডার প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে ও অ্যালেসিয়া কারা।

ফিফা জানিয়েছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিক সংগীতধারার সমন্বয় তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের আয়োজনকে ইতোমধ্যে ‘উচ্চ-শক্তির মহোৎসব’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক সংগীতশিল্পী সঞ্জয় দেব আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তবে ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সংগীত বিশ্লেষকেরা। প্রবাসী বাংলাদেশিদের কাছেও বিষয়টি বাড়তি গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

এদিকে, ২০২৬ সালের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ন্যূনতম সাড়ে ১০ মিলিয়ন ডলার, আর চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।

ফুটবলের মহারণের আগে উদ্বোধনী মঞ্চেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।