সজল-মিষ্টির নতুন রসায়ন, আসছে ‘দুজনে’

দেবাশীষ বিশ্বাসের রোমান্টিক যাত্রার সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন সজল ও মিষ্টি জান্নাত।

টুইট প্রতিবেদক: ঢালিউডে নতুন এক জুটির দেখা মিলতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী মিষ্টি জান্নাত প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নতুন চলচ্চিত্র ‘দুজনে’-তে।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১২ মে থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রে সম্পর্কের টানাপোড়েন, আবেগ, ভালোবাসা ও জীবনের বাস্তবতার গল্প উঠে আসবে ভিন্ন আঙ্গিকে।

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুজনে মূলত দুই মানুষের মানসিক ও আবেগের যাত্রার গল্প। ভিন্ন বাস্তবতা থেকে আসা দুইজন মানুষ কীভাবে একে অপরকে বুঝতে শেখে, কাছাকাছি আসে এবং শেষ পর্যন্ত ভালোবাসার পূর্ণতায় পৌঁছায়—সেই গল্পই দর্শক দেখবেন।’

অভিনেত্রী মিষ্টি জান্নাত জানান, অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে আলোচনা চলছিল। তবে ব্যক্তিগত ব্যস্ততা ও বিদেশ সফরের কারণে কাজটি শুরু করতে সময় লেগেছে। তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছি। দেবাশীষ দাদা অত্যন্ত দক্ষ নির্মাতা। তার পরিকল্পনা অনুযায়ী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

অন্যদিকে সজলও এই নতুন জুটিকে ঘিরে আশাবাদী। সংশ্লিষ্টরা মনে করছেন, রোমান্টিক গল্প ও নতুন রসায়নের কারণে ‘দুজনে’ দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে।

চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য করেছেন দেবাশীষ বিশ্বাস নিজেই।

যৌথভাবে প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। নির্মাতারা জানিয়েছেন, দ্রুত শুটিং শেষ করে চলতি বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।