ভোটের প্রচারে টলিউড তারকারা নেন লাখ টাকা, বিস্ফোরক দাবি নির্মাতার

রোড-শোতে ২–৫ লাখ রুপি পারিশ্রমিকের অভিযোগ, প্রচারকে ‘লাভজনক ব্যবসা’ বললেন শুভ্রজিৎ মিত্র

টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউড তারকাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র দাবি করেছেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া তারকারা মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, একেকটি রোড-শোতে অংশ নিতে অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নেন।

তার অভিযোগ, অনেক তারকা নগদ অর্থে পারিশ্রমিক গ্রহণ করেন এবং অর্থ নিশ্চিত না হলে প্রচারে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। তার মতে, এসব প্রচার কার্যক্রম এখন নিছক জনসেবা নয়, বরং একটি পেশাদার ও লাভজনক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।

শুভ্রজিৎ মিত্র আরও দাবি করেন, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রচার কার্যক্রমে আরও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়, যেখানে হেলিকপ্টার, জনসমাবেশ ও অন্যান্য ব্যয়ের আড়ালে কোটি কোটি রুপি লেনদেন ঘটে।

তিনি জানান, সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে নজরদারি শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের তথ্য সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দেন।

এদিকে চলমান নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে একাধিক জনপ্রিয় টলিউড তারকাকে প্রচারে দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তারকা বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।