চমকের রাজনীতি অভিষেক

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশায় মাঠে সক্রিয় অভিনেত্রী
টুইট প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতির অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন।
জুলাই আন্দোলনে সরব অংশগ্রহণের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তিনি।
শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত দেখা যায়। রাজনৈতিক অঙ্গনে নিজের নতুন যাত্রা নিয়ে তিনি জানান, দেশের জন্য কাজ করার একটি কার্যকর প্ল্যাটফর্ম খুঁজছিলেন তিনি। তার মতে, বিএনপির মাধ্যমে সেই সুযোগ বাস্তবায়ন সম্ভব।
চমক বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, সংসদের সংরক্ষিত নারী আসন তাকে সরাসরি কাজ করার সুযোগ এনে দিতে পারে।
দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।
মনোনয়ন বোর্ডের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, দলকে সেবা করার আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে তার প্রধান লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা,এ কথাও স্পষ্টভাবে তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিএনপির ভেতরে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবু চমকের সক্রিয়তা ও জনসম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন যাত্রার ইঙ্গিত দিয়ে চমক লিখেছেন, “নতুন পথচলা শুরু করলাম।
শিগগিরই বিস্তারিত জানাব।” তার এই বার্তা ইতোমধ্যেই ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
রাজনীতি ও বিনোদন অঙ্গনের সংযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তরুণ তারকাদের সরব অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করছে।
সেই ধারাবাহিকতায় চমকের এই পদক্ষেপ রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।






