সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে সমাবেশ, বাতিল একাধিক ট্রেন

টুইট ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন। এ পরিস্থিতিতে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় রেল।

শুক্রবার রেলের প্রকাশিত এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে।

রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। দুটি ট্রেনেরই শুক্রবার যাত্রা শুরুর কথা ছিল।

তবে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সঙ্গে শনিবারের প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।